চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‍্যাব-৭ এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‌্যাব-৭ চট্টগ্রামের মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের লড়াইয়ে ৩-১ গোলের ব্যবধানে প্রেস ক্লাব টিমকে হারিয়ে জয় তুলে নেয় র‌্যাব-৭ টিম। শনিবার (১ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭ এর সদর দপ্তরের সংরক্ষিত নিজস্ব একটি খেলার মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ, ফারুক মুনির সহ র‌্যাব-৭ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাচ শুরুর প্রথমার্ধে র‌্যাব-৭ টিমের খেলোয়াড়ের চোখধাঁধানো জোরালো শটে বল জড়ান জালের ওপরের কোণে। র‌্যাব-৭ টিম এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে লড়ে প্রেস ক্লাব টিম। এমন সময় প্রেস ক্লাব টিমের খেলোয়াড়ের চমৎকার শটে ১-১ গোলে সমতায় ফেরান। শেষ মুহূর্তে টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে খেলায় জয় পেতে দুই দলই মরিয়া হয়ে উঠে। ঠিক সেই সময় দুর্দান্ত গতিতে আরও দুটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে র‌্যাব-৭ টিম।

প্রীতি ম্যাচে র‌্যাব-৭ টিমের পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুটি গোল এবং অপস অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন একটি গোল করেন। আর প্রেস ক্লাব টিমের পক্ষে একটি গোল করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

ম্যাচ শেষে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। প্রীতি ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং র‌্যাব-৭ এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

চাটগাঁ নিউজ/এফএস

Scroll to Top