রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মাহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বনগ্রামের কলাবাজ্জেঘোনা এলাকার ‘সায়রা নিবাস’ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই ভবনের কেয়ারটেকার মাঈন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে মাহিম বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ইমু বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top