কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারগামী পর্যটকদের ক্রমবর্ধমান যাতায়াত ও টিকিট সংকট নিরসনে ঢাকা-কক্সবাজার রুটে চলতি আগস্ট মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে দৃষ্টিনন্দন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

এ সময় তিনি স্টেশনের অবকাঠামো, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নতুন ট্রেনের সুসংবাদ দিয়ে রেলপথ প্রতিমন্ত্রী বলেন, পর্যটননগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের চাপ বাড়ছে। যাত্রীদের এই বিপুল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতেই সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আধুনিক করার এই সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। চলতি মাসেই নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের টিকিট প্রাপ্তির ভোগান্তি ও চাপ অনেকটাই কমে আসবে। ঢাকা–কক্সবাজার রুটের যাতায়াত হয়ে উঠবে আরও নির্বিঘ্ন ও আরামদায়ক।

আইকনিক স্টেশনটির ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কক্সবাজার রেলস্টেশনটিকে নিছক কোনো সাধারণ স্টেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে না। সরকারের লক্ষ্য এটিকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলা। আর এই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই স্টেশনটির শতভাগ ও মানসম্মত পরিচালনা নিশ্চিত করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top