রাঙ্গুনিয়ায় জলাবদ্ধতায় ডুবেছে কৃষিজমি, দুর্ভোগে শত পরিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সংকটে দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন শতাধিক পরিবার চরম দুর্ভোগে রয়েছে, অন্যদিকে প্রায় ২০ থেকে ৩০ কানি কৃষিজমি গত এক দশক ধরে অনাবাদি পড়ে আছে।

স্থানীয়রা জানান, বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার কমর আলী বাড়ি সড়কসংলগ্ন প্রায় আধা কিলোমিটার এলাকায় দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতা বিরাজ করছে। পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি জমে থাকে দীর্ঘসময়। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও আশপাশের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।

জলাবদ্ধতার কারণে স্থানীয় কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। দীর্ঘদিন পানি জমে থাকায় বিস্তীর্ণ কৃষিজমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানান তারা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষিনির্ভর অর্থনীতি।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, শুধু বর্ষা মৌসুমেই নয়, বছরের বেশিরভাগ সময়ই কৃত্রিম এই জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। এতে চলাচলে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। সমস্যা সমাধানে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের পক্ষে মো. ইসকান্দর মিঞা, মো. হাসান মুরাদ, শাহ আলম, আশরাফ, গোলাম হোসেন, মুফিঝুল হক ও হোসেন বাবুর্চিসহ অনেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তারা চট্টগ্রাম জেলা প্রশাসক ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের কাছে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় নালা নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশা, স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে উঠলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং পুনরায় কৃষিকাজ শুরু করা সম্ভব হবে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top