জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে মুসলিমদের কাছে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও রমজানের শুরু ও ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত হয়, তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগেভাগেই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এ ধারাবাহিকতায় ২০২৭ সাল (হিজরি ১৪৪৮) সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সেদিন নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করতে পারে। সে ক্ষেত্রে রবিবার (৭ ফেব্রুয়ারি) হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচিও জানানো হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সেই হিসাবে ৮ মার্চ (সোমবার) রমজান শেষ হবে এবং ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এগুলো শুধুই জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী রমজান শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ প্রতি বছরের মতো স্থানীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top