চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা শেষে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে চুয়েটের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে নিহত ওই শিক্ষার্থীর নাম অর্ণব সাহা। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাতে ৪ থেকে ৫ জন সহপাঠীর সঙ্গে ফুটবল খেলা শেষে অর্ণব পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সহপাঠীদের অগোচরে তিনি পানিতে তলিয়ে যান। পরে তাকে খুঁজতে শুরু করে সহপাঠীরা। প্রায় আধা ঘণ্টা পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক জানান, গোসল করার সময় পা পিছলে অর্ণব পুকুরের গভীর পানিতে পড়ে যান। তিনি সাঁতার জানতেন না। পরে সহপাঠীরা উদ্ধার করে চুয়েটের নিজস্ব অ্যাম্বুল্যান্সে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ






