আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত ডাকাত ও একাধিক মামলার আসামি মোহাম্মদ আলী (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা, একটি মাদক মামলা এবং চারটি হত্যাচেষ্টা ও জখমের মামলা রয়েছে। এছাড়া তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
মামলাগুলোর মধ্যে রয়েছে ২০১০ সালের একটি ডাকাতি মামলা, ২০১৭ সালের একটি অস্ত্র মামলা এবং একটি হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলা। এছাড়া ২০১৯ সালে তার বিরুদ্ধে একাধিক হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদক মামলা দায়ের হয়। পরবর্তী সময়ে ২০২০ ও ২০২৩ সালেও পৃথক হত্যাচেষ্টা ও অস্ত্র মামলায় তিনি অভিযুক্ত হন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য আনোয়ারা থানা পুলিশের একটি দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে এবং তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





