চট্টগ্রামে এনসিপি-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি

চাটগাঁ নিউজ ডেস্ক : হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে প্রেস ক্লাবের আশপাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা। সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের সড়কের যানবাহন চলাচল।

এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আমরা কর্মসূচির ডাক দিয়েছিলাম। কর্মসূচি শেষের দিকে হঠাৎ বিএনপির একদল নেতাকর্মী আমাদের চারপাশে ঘিরে রাখে। একপর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করেন। বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হন।

তিনি বলেন, বিএনপি নেতা শাহেদ বক্স নেতাকর্মীদের নিয়ে চড়াও হন। এসময় তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে লাশ ফেলারও হুমকি দেন তিনি। বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবেই তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বক্স বলেন, এনসিপি নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছেন বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা। তাই আমি এনসিপির নেতাকর্মীদের নিবৃত করার চেষ্টা করি। পরে আমি দুই গ্রুপকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এসময় কোনো এনসিপির নেতাকর্মীর ওপর চড়াও হয়নি আমাদের কেউ।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুপক্ষের মাঝে কথা কাটাকাটির সূত্র ধরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে দুই পক্ষকে দুইদিকে সরিয়ে দেয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে একপর্যায়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top