চাটগাঁ নিউজ ডেস্ক: আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। জরিমানার অর্থ এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছেন, এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, একই বিষয়ে এর আগে জিপিএইচ ইস্পাত হাইকোর্টে রিট করে আদেশ পেয়েছিল। পরে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন। ফলে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন ছিল।
তিনি বলেন, এরপরও প্রতিষ্ঠানটি নতুন করে আদালতে গিয়ে আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ এবং চলমান মামলার বিষয়টি উল্লেখ না করে নিষেধাজ্ঞার আবেদন করে। আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা বিচারপ্রক্রিয়ার প্রতি অসততার শামিল।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, বিষয়টি আদালতের নজরে আনার পর জিপিএইচ ইস্পাতের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তারা দাবি করেন, আগের মামলার বিষয়টি তাদের জানা ছিল না।
তবে রাষ্ট্রপক্ষ আদালতের কাছে দৃষ্টান্তমূলক জরিমানার আবেদন জানালে হাইকোর্ট তা গ্রহণ করেন। আদালত জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এই আদেশ তথ্য গোপন, বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা এবং আদালতের প্রতি অসততার বিরুদ্ধে একটি কঠোর বার্তা। একই সঙ্গে এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থান তুলে ধরে।
চাটগাঁ নিউজ/এমকেএন





