তেলাপোকা ও বাসি খাবার: হান্ডিসহ ৩ রেস্টুরেন্টকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

বুধবার (২৯ জুলাই) সকালে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় হান্ডি রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটির রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়া যাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সিপি ৫ স্টার রেস্টুরেন্টে পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা এবং জামান রেস্টুরেন্টে পুরোনো বেগুনি ও বাসি খাবার বিক্রির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে। এসব অনিয়মের কারণে আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top