বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের আছু তালুকদার বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে। অভিযুক্ত জামাল উদ্দিন সুমন তার আপন ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে এ বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নেজাম উদ্দিন ছোট ভাই সুমনকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাদের মা একটি কোদাল এনে সুমনের হাতে দেন বলে অভিযোগ রয়েছে। পরে সুমন কোদাল দিয়ে নেজাম উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, এরপরও সুমন তাকে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার পেছনে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন/এসএ





