চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় নিজ ঘর থেকে আবদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় চারদিন পর সোমবার (২৭ জুলাই) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সম্প্রতি ঢাকার মিরপুরে এক বৃদ্ধার মৃত্যুর কয়েকদিন পর সামনে আসায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান সাতবাড়িয়া নগরপাড়া এলাকার মৃত কালা মিয়া সওদাগরের ছেলে। দীর্ঘদিন তিনি একাই নিজ বাড়িতে বসবাস করতেন। তার তিন ছেলে বিদেশে থাকেন এবং স্ত্রীও বর্তমানে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে রয়েছেন। একসময় তিনি নিজেও ছেলেদের সঙ্গে প্রবাসে ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে এসে একাই বসবাস শুরু করেন এবং নিজের রান্নাবান্না নিজেই করতেন।
গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইন ফারুকী জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি খবর পান নগরপাড়ার একটি বাড়িতে এক বৃদ্ধের পচাগলা মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশের অনুমতি নিয়ে মানবিক টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এশার নামাজের আগে ঘরের কাঠের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ গত শুক্রবার আবদুর রহমানকে এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি কারও নজরে আসেননি। এলাকাবাসীর কেউ কেউ জানান, ব্যক্তিগত ও সামাজিক নানা কারণে তিনি অনেকটাই নিভৃত জীবনযাপন করতেন এবং সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে যায়। পরে গাউসিয়া কমিটির মানবিক টিমের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার আবদুর রহমানের সঙ্গে তার প্রবাসী ছেলেদের শেষবারের মতো কথা হয়েছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে তিনি স্ট্রোক অথবা অন্য কোনো স্বাভাবিক কারণে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





