চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। অভিযানের সময় তার কাছ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত প্রায় ১১টার দিকে পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লোকমান হোসেনের বসতঘরের টিনের চালের ওপর রাখা দুটি প্লাস্টিকের টবে তল্লাশি চালিয়ে প্রতিটি টব থেকে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, লোকমান দীর্ঘদিন ধরে গোপনে ওই স্থানে গাঁজার গাছ চাষ করে আসছিলেন। উদ্ধার করা গাছগুলো জব্দ করা হয়েছে এবং অভিযানের সময় তাকে আটক করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





