হালিশহরে সাত বছরের শিশু হত্যা: ৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় সাত বছর বয়সী শিশু মাহফুজকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মো. আল আমিন (৪৪) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড এবং অপরাধের আলামত গোপনের দায়ে পৃথক কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, মামলায় উপস্থাপিত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত তাকে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করেন। এ ধারায় তাকে মৃত্যুদণ্ড, ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত শাস্তির আদেশ দেওয়া হয়।

এছাড়া, হত্যাকাণ্ডের আলামত নষ্ট এবং মরদেহ সরিয়ে ফেলার দায়ে দণ্ডবিধির ২০১ ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরের হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে তার মরদেহ পাশের বেড়িবাঁধসংলগ্ন একটি খালে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর নিহত শিশুর বাবা মো. মাহাবুব হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৭ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top