চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্মাণাধীন ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট চালু হলে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের অঞ্চলে অগ্নিদগ্ধ এবং গুরুতর দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হবে।
সোমবার (২৭ জুলাই) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের অর্থায়নে নির্মাণাধীন চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট পরিদর্শনে এলে মেয়র এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিশেষায়িত এ ইউনিট চালু হলে অগ্নিদগ্ধ ও দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানীনির্ভরতা কমবে।

তিনি জানান, গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রায় ১৮০ কোটি টাকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ছয়তলা ভিত্তির ওপর একটি ছয়তলা আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হচ্ছে।
মেয়র বলেন, নতুন ভবনে ১৫০ শয্যার বার্ন ইউনিট, চারটি আধুনিক অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নারী ও পুরুষের জন্য পৃথক উচ্চনির্ভরশীল ইউনিট (এইচডিইউ) এবং শিশুদের জন্য বিশেষ এইচডিইউসহ আধুনিক চিকিৎসাসুবিধা থাকবে।
পরিদর্শন শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চট্টগ্রামের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রকল্পে অংশীদার হতে পেরে চীন সরকার আনন্দিত।
এ সময় সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ





