এবার নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত অংশ নেওয়া এই তারকা এবার খেলতে যাচ্ছেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)।

লিগের তৃতীয় আসরের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ফ্র্যাঞ্চাইজিটি তাকে স্বাগত জানিয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে দলটির প্রত্যাশা, সাকিবের অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি নতুন মৌসুমে তাদের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আসন্ন আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি স্পিনার অজন্তা মেন্ডিস। কোচ ও খেলোয়াড়—দুই আন্তর্জাতিক অভিজ্ঞ ব্যক্তিত্বকে নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই দল গঠন করছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৪ সালে যাত্রা শুরু হওয়া নেপাল প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জেতে জনকপুর বোল্টস। পরের আসরে চ্যাম্পিয়ন হয় লুম্বিনী লায়ন্স। দুটি মৌসুমেই রানার্সআপ ছিল সুদূরপশ্চিম রয়্যালস।

সাম্প্রতিক সময়ে নেপালের ক্রিকেটের উন্নতির পাশাপাশি দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগও আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিতি পেয়েছে। সাকিব আল হাসানের মতো বিশ্বমানের ক্রিকেটারের অংশগ্রহণ এবারের আসরের প্রতি দর্শক ও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে সাকিব শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন। সেই আসর শেষে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে মাঠে নামবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top