চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মো. মেহেদি হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেভি হাসপাতাল গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাসান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরের সিঅ্যান্ডবি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকা মেহেদি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহনের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নেভি হাসপাতাল গেট এলাকার খানাখন্দে ভরা সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান মেহেদি। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে চলা একটি কনটেইনারবাহী লরির পেছনের চাকায় তিনি পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





