বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী। সুযোগ পেলেই আড্ডায় গিটার হাতে গান গেয়ে বন্ধুদের মাতিয়ে রাখেন তিনি। বিভিন্ন স্টেজ শোতেও পারফর্ম করতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা।
এবার প্রথমবারের মতো একক কনসার্টে গান শোনাতে যাচ্ছেন অপূর্ব। তবে কনসার্টটি দেশে নয়, অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই আয়োজনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। প্রায় দুই ঘণ্টার পরিবেশনায় নিজের পছন্দের গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখবেন অপূর্ব। আজ আনুষ্ঠানিকভাবে কনসার্টের ভেন্যু ও টিকিটের মূল্য ঘোষণা করা হবে।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের বেশির ভাগ সময়ই তিনি যুক্তরাষ্ট্রে কাটান। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তার স্ত্রী ও কন্যা।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। সবশেষ সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত জুনে মুক্তি পাওয়া এই সিরিজের মাধ্যমে প্রায় দুই বছর পর ওটিটি প্ল্যাটফর্মে ফিরেছেন জনপ্রিয় এই অভিনেতা। এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।
জানা গেছে, দেশে ফিরে ‘গোলাম মামুন ২’-এর কাজ শুরু করবেন অপূর্ব। এবার সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা তানিম রহমান অংশু।
চাটগাঁ নিউজ/এমকেএন






