কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে পেটাল প্রবাসী যুবকেরা

চাটগাঁ নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধর করেছে একদল যুবক। এই মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন। গতকাল মঙ্গলবার রাতে ইতালির রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় মৌলবাদী আখ্যা দিয়ে তাকে মারধর করে যুবকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে রেখেছেন এবং আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়, ক্রমাগত লাথি মারা হয়।

ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের স্পষ্টভাবে বাংলায় চিৎকার ও তীব্র গালাগাল করতে শোনা যায়। তাদের উচ্চারণে বাংলাদেশি আঞ্চলিক ভাষার টান স্পষ্ট। তবে ঘটনাটির সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের দাবি উঠলেও সেগুলোর কোনোটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top