ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে কচুভর্তি একটি দ্রুতগতির ট্রাকের চাপায় আবদুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শাহ ফকির বাজার এলাকায় ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল্লাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মো. লোকমানের ছেলে। সে স্থানীয় মমতাজুল উলুম আলিম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালক জান্নাতুল নাঈমকে আটক করা হয়েছে। তিনি মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বুধবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে আবদুল্লাহ রাস্তা পার হচ্ছিল। এ সময় কক্সবাজারগামী একটি কচুভর্তি দ্রুতগতির ট্রাক (নম্বর: কুষ্টিয়া-ট-১১-৩৪৫২) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার মাত্র ৪০ মিনিটের মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে ট্রাকচালক জান্নাতুল নাঈমকে আটক করে এবং ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






