চাটগাঁ নিউজ ডেস্ক: সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, ও বরিশাল বিভাগে ভারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রামসহ নিম্নাঞ্চল এলাকায় মাঝারি আকারের বন্যা দেখা দিতে পারে।
আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা, মারকুলি ও সোমেশ্বরীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে সাঙ্গু, মাতামুহুরীর তীরবর্তী এলাকায় আবারও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশীদ বলেন, ‘আগামী ৩ দিন দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তিন দিন পর বৃষ্টি হয়তো কিছুটা কমে যাবে দক্ষিণাঞ্চলে এবং স্বাভাবিক বৃষ্টি হবে। আপাতত অতিভারী বর্ষণ টানা হওয়ার সম্ভাবনা নেই।’
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা, ছাতকে সুরমা, সুনামগঞ্জে মারকুলি ও নেত্রকোনায় সোমেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে। এক সপ্তাহ বিরতির পর বান্দরবানে আবারও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই আগামী কয়েক দিন সাঙ্গু ও মাতামুহুরীর অববাহিকায় আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি অববাহিকাভুক্ত বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলায় কিছু স্থানে পানি বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।’
এসময় নদী অববাহিকায় থাকা সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





