বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. মুছা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মো. মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার লাল মিয়ার বাড়ির বাসিন্দা এবং মৃত আল আমিনের ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের জামাতা মো. জাহাঙ্গীর আলম মামুন জানান, দুর্ঘটনার পর আহত মুছাকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন আইসিইউ সাপোর্টের প্রয়োজন হওয়ায় তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, কোতোয়ালী থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





