চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে গিয়ে ডোবায় পড়ে জকিরাজ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মনসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জকিরাজ খাতুন ওই এলাকার মৃত হাফেজার রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় লাকড়ি কুড়াতে বের হন জকিরাজ খাতুন। পরে তিনি দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় বিষয়টি পটিয়া ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাড়ির আঙিনার একটি ডোবায় তল্লাশি চালায়। রাত প্রায় ১০টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে নাজিম উদ্দীন জানান, লাকড়ি নিয়ে ফেরার সময় হোঁচট খেয়ে তার মা ডোবায় পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। পানিতে পড়ে যাওয়ার পর অসুস্থতার কারণে আর উঠতে না পারায় তার মৃত্যু হতে পারে বলে পরিবারের ধারণা।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





