পার্লামেন্টমুখী মিছিলে বাধা, রণক্ষেত্রে পরিণত দিল্লির রাজপথ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাজপথে নামলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় সিজেপি।

সোমবার সকাল থেকেই রাজধানীর প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার আন্দোলনকারী। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়।

সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জরুরি বার্তা দিয়ে সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দলটির পক্ষ থেকে বলা হয়, ‘আপনাদের যদি বিভিন্ন স্থানে আটকে দেওয়া হয়, তবুও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই বিজয়ী হতে পারব।’

এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচির অনুমতি বাতিল করে এবং রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে এক্সে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের সব নাগরিককে আইন মেনে চলা এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top