হাটহাজারীতে দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ভাড়া বাসা থেকে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকায় মাহবুব মাস্টারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিপন খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা। তিনি মনিয়াপুকুর পাড় এলাকার একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং স্থানীয় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো রবিবার রাতে কাজ শেষে তিনি বাসায় ফিরে যান। সোমবার সকালে বাড়ির মালিক ভাড়া আদায়ের জন্য তার কক্ষের দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা খুলে ভেতরে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top