চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি এবং পরে হামলা, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাইকেল রোহেন মিয়া ওরফে মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)।
এর আগে বুধবার (১৫ জুলাই) একই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেখানে গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
র্যাব জানায়, ঘটনার কয়েকদিন আগে নগরীর একটি বেসরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’-এর স্বত্বাধিকারীর কাছে হোয়াটসঅ্যাপে কল করে ‘ডেবিড ইমন’ পরিচয়ে এক ব্যক্তি দুই কোটি টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি প্রতি মাসে ১০ লাখ টাকা করে নিয়মিত চাঁদা দেওয়ারও চাপ সৃষ্টি করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে গত ১৩ জুলাই দুপুরে চকবাজার থানার চন্দনপুরা বাকলিয়া অ্যাক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনে অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।
হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া অফিসের ড্রয়ারে থাকা নগদ ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে জানানো হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বাকিদেরও ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ






