চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুসারে নতুন জেলা পরিষদ গঠিত হওয়া বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, একই আইনের ধারা ৮২ক(৩) অনুযায়ী প্রশাসক হিসেবে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাও পাবেন।
মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম বর্তমানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান শামীম বলেন, এই দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, জেলা পরিষদের আওতাধীন এলাকার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






