চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ির সামনের গাছে পেয়ারা পাড়তে গিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে দগ্ধ হওয়া মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলিফ পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছে।
রবিবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত আলিফ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বাড়ির সামনের একটি পেয়ারা গাছে ফল তুলতে ওঠে আলিফ। এ সময় গাছের পাশ দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জাহাঙ্গীর জানান, পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর থেকেই আলিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত রবিবার সকালে তার মৃত্যু হয়। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






