সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল এক ব্যক্তির, আহত ৬

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক জানান, নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে স্থানীয় বাসিন্দা ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া কয়েকজন আহতকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top