চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৬–২৭ অর্থবছরের জন্য বিশাল আকারের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক বেলা ১টায় শেষ হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
এর আগে অর্থবিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর সম্পন্ন হয়। এরপর বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
সংসদে তারেক রহমান সরকারের এটি প্রথম বাজেট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদ না থাকায় উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির সম্মতির পর তা গেজেট আকারে প্রকাশ করে কার্যকর করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের পর সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতায় গত অর্থবছরের বাজেট সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছিল। গত ২ জুন তৎকালীন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। সংসদ না থাকায় তাঁর বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/এমকেএন





