৫ কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, ভোগান্তিতে এলাকাবাসী

​রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া ব্রিজ থেকে কুইক্যাছড়ি, ধনুছড়ি ও তালুকদারপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে ১০টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নোয়াপাড়া থেকে মদন কারবারিপাড়া, কুইক্যাছড়ি, ধনুছড়ি, আমতলী ও আড়াছড়িপাড়া পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে অনেক স্থানে পথচারীদের নেমে হেঁটে চলতে হচ্ছে। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় অটোরিকশাচালক চিংসাপ্রু খিয়াং বলেন, দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এই সড়কে যাত্রী নিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সড়কটি পাকা করা হলে চালক ও যাত্রী—উভয়েরই দুর্ভোগ কমবে।

কুইক্যাছড়িপাড়ার এনজিওকর্মী জনি খিয়াং বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটুসমান কাদা জমে যায়। সড়কটি পাকা হলে স্থানীয় কৃষকেরা সহজেই ধান, চাল, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য রাজস্থলী, ইসলামপুর ও বাঙ্গালহালিয়া বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সড়কটির একটি ছোট অংশ পাকা করা হলেও অধিকাংশই এখনো কাঁচা। দ্রুত সংস্কার বা উন্নয়ন করা না হলে ভবিষ্যতে এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, সড়কটি এলজিইডির অধীন। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/মিন্টু/এমকেএন

Scroll to Top