চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ২২০ বস্তা সার, একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল দবিরখাল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের জন্য একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে ২২০ বস্তা সার জব্দ করা হয়।
জব্দ করা সারের পরিমাণ প্রায় ১১ হাজার কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের ও জব্দ করা সার এবং ট্রাকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





