ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন হালদা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় পথচারী ও এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় হাটহাজারী থানা পুলিশ।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক ঘটক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






