হাম উপসর্গে একদিনে আরও ১১ জনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ১০২ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৮ জন এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায়—৩৮২ জন। এরপর চট্টগ্রামে ২৩৮, সিলেটে ১৬৪, বরিশালে ১৪৮, ময়মনসিংহে ৮১, খুলনায় ৯১, রাজশাহীতে ২৬ এবং রংপুরে ২৭ জন শনাক্ত হয়েছেন।

এ সময়ে ঢাকায় ছয়জন, সিলেটে একজন, চট্টগ্রামে দুইজন এবং খুলনা ও রংপুরে একজন করে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top