চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে তারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কোনোভাবেই যেন এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা, নৈরাজ্য বা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সভায় জেলার বিভিন্ন এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অবৈধ অস্ত্র ও মাদকসহ অপরাধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে স্বাভাবিক জীবনযাপন ও চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলের পাশাপাশি পাহাড় কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে অনেক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তাই জনস্বার্থে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ্যানি বলেন, বর্তমানে কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হচ্ছে। যে এলাকায় যে সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল। তাই এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে, যাতে মানুষ নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বসবাস করতে পারেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা রাতারাতি পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার এসব বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিশেষ করে চট্টগ্রাম জেলা ও নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






