হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ছয়টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে হঠাৎ একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে স্থানীয়রা প্রথমে চেষ্টা চালান। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আশপাশের বেশ কয়েকটি বসতঘর রক্ষা করা সম্ভব হয়।
তবে এর আগেই আগুনের তীব্রতায় প্রতিভা রানী নাথের বাড়ির ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে ও তপু দাশের বসতঘরসহ বাড়ির মালিকের একটি স্টোররুম পুড়ে যায়। সব মিলিয়ে ছয়টি ঘর আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ তাদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর আশপাশের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
চাটগাঁ নিউজ/শোয়াইব/এমকেএন





