হাটহাজারীতে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ: নিহত ১, আহত ৯

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এরশাদ উল্লাহ (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ আরও নয়জন আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ উল্লাহ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন—মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. আলমগীর (৪৫), রোকেয়া (৭০), মো. হাসান (৩৫), মো. ফাহিম (১৮), মো. শামিম, ইশা (২৬) ও বেলাল (৪৮)।

আহতদের মধ্যে তিনজন হাটহাজারী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তারা নাজিরহাট কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর দিকে ফিরছিলেন। পথে চারিয়া বোর্ড স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়ে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কান্তি মজুমদার জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালক এরশাদ উল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও অটোরিকশা জব্দ করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top