চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দীর্ঘ সাড়ে চার মাসের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সফলভাবে অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
মঙ্গলবার (২৩ জুন) ভোররাতে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার উদ্দেশ্যে রওনা হয়। এ ঘটনায় জাহাজে কর্মরত ৩১ জন বাংলাদেশি নাবিকের পরিবারসহ দেশের সামুদ্রিক খাতে স্বস্তি ফিরে এসেছে।
বিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’ চলতি বছরের ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। সিঙ্গাপুরভিত্তিক একটি চার্টার প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত জাহাজটি প্রথমে কাতারের মেসাইদ বন্দর থেকে প্রায় ৩৯ হাজার টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে।
তবে জেবেল আলী বন্দরে অবস্থানকালে গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করলে জাহাজটির কার্যক্রম ঝুঁকির মুখে পড়ে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মার্চ মাসে সফলভাবে কার্গো খালাস সম্পন্ন করা হয়।
পরবর্তীতে আঞ্চলিক সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়লে বিএসসি নতুন বাণিজ্যিক পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে জাহাজটিকে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে পাঠানো হয়। সেখান থেকে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দরের জন্য প্রস্তুত করা হয়।
কিন্তু যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তাজনিত কারণে গত ১৮ এপ্রিল ইরান নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজটির ট্রানজিট অনুমোদন না দেওয়ায় এটি দীর্ঘ সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে পড়ে।
এ সময় জাহাজে অবস্থানরত নাবিকদের জন্য প্রয়োজনীয় খাদ্য, সুপেয় পানি, জ্বালানি ও অন্যান্য রসদের সরবরাহ নিশ্চিত করে বিএসসি। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে বিশেষ মিল অ্যালাউন্স, ঈদ প্রণোদনা ও ‘ওয়ার ওয়েজ’ প্রদান করা হয়।
বিএসসি কর্তৃপক্ষের দাবি, সরকারের উচ্চপর্যায়ের তদারকি, কূটনৈতিক প্রচেষ্টা, মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ এবং জাহাজের ক্যাপ্টেনসহ ক্রুদের সাহসিকতার ফলেই জটিল এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।
বর্তমানে জাহাজটি ফুজাইরা বন্দরের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে প্রয়োজনীয় বাংকারিং ও আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে পরবর্তী গন্তব্যে যাত্রা করবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





