লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, চুনতি বাজার এলাকায় ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের নাম সূরাইয়া জান্নাত বলে জানা গেলেও তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাস দুটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top