সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে।

সোমবার (২০ জুলাই) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

আল জাজিরা জানায়, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে এই সামুদ্রিক অবরোধ কার্যকর করা হয়েছে। তিনি জানান, সৌদি আরবের যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত।

হুথিরা অভিযোগ করেছে, সৌদি নেতৃত্বাধীন জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং ইয়েমেনের ওপর আকাশ ও সমুদ্রপথে অবরোধ আরোপ করেছে। এর জবাবে তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সানা বিমানবন্দরের ওপর চলমান নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়ে দেওয়া হবে এবং যেকোনো উত্তেজনার জবাব আরও উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা হুথিদের একটি বড় সামরিক পদক্ষেপ। তারা মনে করছেন, আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে হুথিরা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

আরব পারস্পেকটিভস ইনস্টিটিউটের পরিচালক জেইডন আলকিনানি বলেন, হুথিদের ঘোষণায় ইরানের কোনো উল্লেখ না থাকা গুরুত্বপূর্ণ। তার মতে, হুথিরা বর্তমান পরিস্থিতিকে নিজেদের অবস্থান পরিবর্তন ও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছে।

তিনি আরও বলেন, হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা এখন সম্ভব হতে পারে, কারণ তারা ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সমাধানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

সৌদি আরব ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের নতুন এই উত্তেজনা ইয়েমেন সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top