চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ২৪ বছর পর বিশ্বকাপে আবারও একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে হুঁশিয়ারি দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল। তিনি বলেছেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে ‘মাটিতে মিশিয়ে’ দেবে ইংল্যান্ড।
‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামের একটি পডকাস্টে কোল বলেন, ‘সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা ওকে মাটিতে মিশিয়ে দেব।’
এ সময় পডকাস্টে উপস্থিত ইংল্যান্ডের সাবেক ফুটবলার মিকা রিচার্ডস বলেন, ‘তুমি (কোল) এ রকম কথা বলতে পার না।’ জবাবে কোল বলেন, ‘আমি ১০০ বার বলতে পারি।’
ইংল্যান্ডের সাবেক এই উইঙ্গার আরও বলেন, ‘এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলবে। আমাদের যে গতি আছে, তার মোকাবিলা আর্জেন্টিনা করতে পারবে না। ওরা পিছিয়ে থাকবে। দাঁড়াতেই পারবে না। আমি এখন থেকেই সেটা বুঝতে পারছি।’
এদিকে আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি। তিনি বলেন, ‘রক্ষণে আর্জেন্টিনার দুর্বলতা থাকতে পারে। মেসি রক্ষণে সহায়তা করতে খুব বেশি নিচে নামে না। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে শুধু আক্রমণে থাকলেই হবে না, প্রয়োজনে রক্ষণেও অবদান রাখতে হবে। জুড বেলিংহ্যাম বা হ্যারি কেন যে কাজটা করে, মেসি তা করে না। এতে রক্ষণে একজন খেলোয়াড় কমে যেতে পারে এবং সেটিই আর্জেন্টিনার জন্য সমস্যা হতে পারে।’
তবে মেসির সামর্থ্যের প্রশংসাও করেছেন রুনি। তিনি বলেন, ‘সামান্য সুযোগ থেকেও গোল করার ক্ষমতা মেসির আছে। ঠিক যেমনটা এবার বেলিংহ্যাম করছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মেসিকে মার্ক করতে হলে ডিফেন্ডারদের সর্বোচ্চ মনোযোগ ও পারস্পরিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। নইলে সে সহজেই রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে। এ বিষয়ে ইংল্যান্ডকে অবশ্যই সতর্ক থাকতে হবে।’
চাটগাঁ নিউজ/এমকেএন





