চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিটিসিএলের আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালা এলাকার হাক্কানি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমরান (২৮) বগুড়া জেলার কাহালু থানার দক্ষিণ জামগ্রাম এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহত শ্রমিকের নাম মো. জাকির হোসেন (৫০)।
কুমিরা হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন ভূইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিটিসিএলের কয়েকজন শ্রমিক বারৈয়াঢালা এলাকায় ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫ নম্বরের একটি বালুবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে তাদের বহনকারী মিনি ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের পাশে থাকা শ্রমিক ইমরান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় মিনি ট্রাকের চালক জাকির হোসেনও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






