চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার মামলায় মো. হাবিবুল্লাহ প্রকাশ হাবিব (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অন্য একটি ধারায় তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাবিবুল্লাহ পিরোজপুরের মঠবাড়িয়া থানার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজার এলাকার মাওলানা তাজাম্বার আলী হাওলাদার বাড়ির চুন্নু মিয়ার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, মামলায় ছয়জনের সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে হাবিবুল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি অন্য একটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৯ জুন চান্দগাঁও থানার পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকার মেহরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন ইউনিক বোর্ড মিলের (হাবিব কার্টুন ফ্যাক্টরি) ভেতরে অভিযান চালায় পুলিশ। অভিযানে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২১ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






