সীতাকুণ্ডে নিষেধাজ্ঞার শেষদিনে ১০ জেলেকে কারাদণ্ড, জব্দ মাছ

সীতাকুণ্ড প্রতিনিধি: মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার শেষ দিনে বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে ১০ জেলেকে তিনদিনের কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

এসময় ১১ জেলেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এক মেট্রিকটন ইলিশ মাছ এবং ১ লক্ষ মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। এছাড়া জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। সহযোগিতা করেন বাংলাদেশ কোষ্টগার্ড ভাটিয়ারী জোন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

মৎস্য অফিসার বলেন, সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আমরা নিষেধাজ্ঞার পুরোটা সময় সাগরে অভিযান পরিচালনা করেছি। যারা আইন অমান্য করে মাছ শিকার করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top