সীতাকুণ্ডে গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাল জব্দ, আটক ১

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

বুধবার (১৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার পরিত্যক্ত সালেহ কার্পেট মিলের গুদামে এ চাল জব্দ হয়। এ সময় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ অভিযান চালায়। অভিযানে প্রায় ৫৭৮ টন সরকারি চাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। অভিযানকালে গুদামের ভেতরে সারিবদ্ধভাবে রাখা অনেক গুলো বস্তাভর্তি চাল দেখতে পান কর্মকর্তারা। অনেক বস্তায় সরকারি খাদ্য কর্মসূচির চিহ্ন থাকলেও বিপুল পরিমাণ চাল বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কে ভরা অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দ চাল অসাধু ডিলার ও চোরাকারবারিদের মাধ্যমে গোপনে ওই গুদামে মজুদ করা হতো। পরে শ্রমিকদের দিয়ে সেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় ভরে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করা হতো।

র‍্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৫৭৮ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই এসব চাল মজুদ করা হয়েছিল। পরে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হতো। চালগুলো জব্দের পর গুদামটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রকের কারিগরি কর্মকর্তা রাজিব কুমার দে, র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানসহ র‍্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top