সাতকানিয়ার সাঙ্গু নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় চরতী এলাকার সাঙ্গু নদীতে অজ্ঞাতনামা এক নারীর (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় সাঙ্গু নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় নদীতে একজন নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি।

অজ্ঞাত সেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) পাঠানো হয়েছে। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান জহির আমিন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top