চাটগাঁ নিউজ ডেস্ক: সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কসংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম (৬৫) সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং নজির আহমদের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে ঢেমশা ইউনিয়নে মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন।
নিহতের ছোট বোন শাহিন আক্তার জানান, নুরুন্নাহার বেগম বাকপ্রতিবন্ধী ছিলেন এবং বয়সজনিত কারণে তার শ্রবণক্ষমতাও কমে গিয়েছিল। বুধবার ভোরে তিনি বাড়ি থেকে হাঁটতে বের হন। এ সময় রেললাইনের কাছে পৌঁছালে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ওই নারী দুর্ঘটনার শিকার হন। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত রয়েছেন। তবে এ ঘটনায় পরবর্তী আইনগত ও লাশ সংক্রান্ত কার্যক্রম রেলওয়ে পুলিশ (জিআরপি) সম্পন্ন করবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





