চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল চ্যানেল নিরাপদ, সচল ও ঝুঁকিমুক্ত রাখতে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘বিএলভি লুসাই’ ও ‘বিএলভি আলী’-এর সমন্বয়ে কর্ণফুলী নদীর মূল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অবৈধ জাল উচ্ছেদ, নজরদারি ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অভিযান চলাকালে মূল শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে অবৈধ ও বিপজ্জনকভাবে স্থাপিত বিপুল পরিমাণ মাছ ধরার জাল এবং জাল স্থাপনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি শনাক্ত, জব্দ ও অপসারণ করা হয়েছে। এসব অবৈধ জাল জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশাপাশি নেভিগেশনাল ঝুঁকি তৈরি করে আসছিল। তাই নেভিগেশনাল চ্যানেলকে ঝুঁকিমুক্ত রাখতে চ্যানেলের ওপর ও আশপাশে স্থাপিত অবৈধ জাল অপসারণের মাধ্যমে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নেভিগেশনাল স্পেস স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযানকালে নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটসমূহকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌ-চলাচল রুট ও চ্যানেলে পুনরায় জাল স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের সতর্ক করা হয়। নৌ-চলাচলের নিরাপত্তা, জাহাজের নির্বিঘ্ন চলাচল এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে নেভিগেশনাল চ্যানেলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ ধরনের সমন্বিত অভিযান বন্দরের নেভিগেশনাল নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কর্ণফুলী নদী ও বহির্নোঙর এলাকায় অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্দর ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত নজরদারি, তদারকি ও প্রয়োজনীয় অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
সব নৌযান, মাঝিমাল্লা ও অন্য ব্যবহারকারীদের নির্ধারিত নৌ চলাচল রুট মেনে চলা এবং জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/জেএইচ





