সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৭ নম্বর মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নুর উদ্দিন হাজীর বাড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি টিনশেড বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বসতঘরটির মালিক মো. আবুল কাশেম ও মাইনউদ্দীনসহ পরিবারের সদস্যরা আগুনের তীব্রতা টের পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে বের হওয়ার সময় আবুল কাশেমসহ দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা কোনোভাবে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মঈনউদ্দীন জানান, রাত ৪টা ১০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





