ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, ভোটে জিতেই সংসদে এসেছি : সরোয়ার আলমগীর

চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বক্তব্যের শুরুতে সরোয়ার আলমগীর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে এসেছেন এবং ফটিকছড়ির মানুষের কল্যাণে কাজ করতে চান। বক্তব্যে তিনি চট্টগ্রাম ও ফটিকছড়ির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে দীর্ঘ সময় সংসদে যোগ দিতে না পারার কারণে তাঁর নির্বাচনী এলাকার মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি জানান, এত প্রতিকূলতার মধ্যে মাত্র ছয় দিন প্রচারণার সুযোগ পেয়েও ফটিকছড়ির সাধারণ মানুষ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর প্রাপ্ত ভোটের অর্ধেকের চেয়েও কম পেয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত থেকে আইনি লড়াইয়ে সব ষড়যন্ত্র ভেদ করে জিতেই তিনি এই পবিত্র সংসদে এসেছেন এবং পুনর্ব্যক্ত করেন যে, জনগণই সব ক্ষমতার উৎস।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, সূর্য সেন, প্রীতিলতা ও মনিরুজ্জামান ইসলামবাদীর স্মৃতিবিজড়িত চট্টগ্রাম মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি মজবুত ঘাঁটি। ১৯৭১ সালে যখন দেশের রাজনৈতিক নেতৃত্ব এক চরম সংকটে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ জিয়াই কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন।

তিনি স্মরণ করিয়ে দেন যে, ফটিকছড়ি ছিল শহীদ জিয়ার অত্যন্ত প্রিয় একটি এলাকা। আর সেই ফটিকছড়ির সচেতন জনগণ বিপুল ভোটে বিজয়ী করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই মর্যাদাপূর্ণ আসনটি উপহার দিয়েছেন।

নিজের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ ও আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেষ পর্যন্ত জনগণের সমর্থন এবং আদালতের রায়ের মাধ্যমে সংসদে আসার সুযোগ পেয়েছি। যারা প্রতিনিয়ত ইনসাফ ও ন্যায়ের কথা বলে, তারাই মূলত মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে জাতির কাছে ছোট ও হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছে।

তিনি জানান, তাঁর বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না। অথচ নির্বাচনের ঠিক আগমুহূর্তে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত তাঁকে আদালতের দরজায় দরজায় ঘুরে হয়রানির শিকার হতে হয়েছে।

বক্তব্যের শেষ অংশে সরোয়ার আলমগীর ফটিকছড়ির উন্নয়নে সরকারের বিশেষ নজর কামনা করেন এবং তাঁকে নির্বাচিত করার জন্য এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top